৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৩
মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।এতে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আর ইটপাটকেলের আঘাতে ছাত্রলীগ-যুবলীগের অন্তত ৫ জন আহত হয়েছেন।
শনিবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিএনপির মানববন্ধনের প্রস্তুতিকালে হামলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রলীগ ও যুবলীগ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপে এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের সদস্য সচিব জসিম তালুকদারসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় ২০ জন আহত হন। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় ছাত্রলীগ ও যুবলীগের ৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ২টি গাড়ি ভাঙচুর করা করা হয়। আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। গুরুতর আহত নাসের রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।
হামলার বিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার বেলা ১টার দিকে মৌলভীবাজার শহীদ মিনারের সামনে মানবন্ধনের প্রস্তুতি চলছিল। ওখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতেই ছাত্রলীগ-যুবলীগসহ অন্যান্যরা পুলিশ ও ডিবি পুলিশের উপস্থিতিতে হামলা চালায়। পেছনে পুলিশ আর সামনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হাতে লাঠি, চাকু নিয়ে হামলা চালায়। এসময় তাদের ছুড়া ইটের আঘাতে এম নাসের রহমান চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেই সঙ্গে আরো অনেক নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, আজ ৬২ জেলায় মানবন্ধন হয়েছে। কোথাও হামলার ঘটনা ঘটেনি। এই হামলার ঘটনা মৌলভীবাজারের রাজনৈতিক সম্প্রীতির নজির ভেঙে দিয়েছে। রাজনৈতিক সম্প্রীতিতে আঘাত করা হয়েছে। ছোট এক মানববন্ধন করা তাদের সহ্য হলো না। তাদের ধিক্কার জানানোর ভাষা নেই। এ ধরণের হামলার ঘটনা রাজনৈতিক দায়িত্বশীলদের দায়িত্বহীনতার অভাব এবং ভবিষ্যতের জন্য এটা অ্যালার্মিং হয়ে থাকলো। এখানে পুলিশের নিরপেক্ষতা ছিল না। যারা এ ঘটনা ঘটিয়েছেন, মৌলভীবাজারের মানুষ এর জবাব দেবে।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনের প্রস্তুতি নিলে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগ। এনিয়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D