২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২
সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত বিডিজবস চাকরি মেলায় ৫০ হাজার আবেদন জমা হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় ৫০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই চাকরি মেলায় অংশ নেয় প্রায় ২০ হাজারের বেশি চাকরি প্রত্যাশী স্থানীয় ছেলে ও মেয়ে।
সকালে চাকরি মেলার উদ্বোধন করেন সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ। বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ. কে. এম. ফাহিম মাশরুর, মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
চাকরি মেলার প্রধান অতিথি তাহমিন আহমেদ বলেন, বিডিজবসের এই ধরণের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। দেশের বিভিন্ন শহরে বিডিজবস চাকরি মেলার আয়োজন করায় চাকরির বাজারের সুযোগ কিছুটা হলেও দেশজুড়ে বন্টিত হচ্ছে। সিলেটে আয়োজিত এই মেলা আমাদের বেকার ছেলে মেয়েদের জন্য নতুন পথের সন্ধান দেবে। আর যারা চাকরি পাবে না তারা অন্তত হলেও চাকরির বাজারে প্রতিযোগিতা করার সাহস সঞ্চয় করবে, নিজেদেরকে আগামীর জন্য প্রস্তুত করবে।
এ. কে. এম. ফাহিম মাশরুর বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ ও অদক্ষ কর্মীর অভাব রয়েছে। প্রচলিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিগুলো জনবল নিয়োগের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সেই চ্যালেঞ্জ দূর করতে এবং কোম্পানিগুলোর সাথে কর্মীদের একটা সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিডিজবস ডটকম এ মেলার আয়োজন করে। সিলেটের বৃহস্পতিবারের মেলায় ৫০ হাজার আবেদনপত্র জমা হয়েছে। এখান থেকে মেলায় অংশ নেয়া দেশের শীর্ষস্থানীয় ৫০ প্রতিষ্ঠান তাদের কাঙ্খিত কর্মী নির্বাচন করবে।
প্রকাশ রায় চৌধুরী বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য বিশেষ প্রোগ্রাম এটুআই এবং ব্রাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চাকরি মেলার সার্বিক সহযোগিতা করেছে। মেলায় প্রাণ-আরএফএল, ওয়ালটন, বিএসআরএম, পপুলার ফার্মা, আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ দেশের শীর্ষস্থানীয় ৫০টি প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রসঙ্গত, বিডিজবস ডটকম চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সংযোগ তৈরি করতে ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে চাকরি মেলার আয়োজন করে থাকে। দেশের শীর্ষ কোম্পানিগুলোতে হাজার হাজার চাকরির সুযোগ তৈরি হয় এ মেলার মাধ্যমে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D