২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
বিএনপির গণসমাবেশ আগামীকাল শনিবার। তবে আগামীকাল নয়, আজ রাতের মধ্যেই সিলেট নগরীর জনসমুদ্রে পরিণত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা বাধা-বিপত্তি মাথায় নিয়েই আমাদের সকল কাজ গত ১৩ বছর ধরে করছি। আপনারা দেখেন, আগামীকাল আমাদের সমাবেশ। গতকাল (বৃহস্পতিবার) থেকেই মানুষ চলে আসছেন। এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের সমস্ত কাজ সম্পন্ন। জুম্মার পরে থেকে এই সিলেট নগরী একটি জনসমুদ্রে পরিণত হবে। যেটা আপনারা আগামীকাল আশা করছেন, সেটা আজকে রাতের মধ্যেই দেখবেন যে সমস্ত শহর লোকে লোকারণ্য হয়ে পড়বে।’
আরিফ আরও বলেন, ‘বাধা-বিপত্তি অতিক্রম করে জনতা আসছে। বাধা-বিপত্তি যে হচ্ছে না, সেটা কেউ বলতে পারবে না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায় সুযোগ পেলেই চুলকানি দেওয়া হচ্ছে। তবে একটা কথা বিশ্বাস আমার, সিলেটে একটা রাজনৈতিক সম্প্রীতি আছে। আমরা প্রত্যেকে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য…এমন মানুষ সিলেটে আছে। কাজেই এখানে অতিউৎসাহী কোনো কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর অতিউৎসাহী দু-চারজন ছাড়া…..আমরা সর্বাত্মক সহযোগিতা পেলেও বাইরের কিছু অতিউৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা দুই-চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি।’
এসময় বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D