১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সিলেটে দুইদিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর দক্ষিণসুরমা উপজেলার পারাইরচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ ইজতেমায় দেশ-বিদেশের প্রখ্যাত আলেমরা রয়ান পেশ করবেন।
শনিবার (১২ নভেম্বর) বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি মৌলিকভাবে ছয়টি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এগুলো হলো ইসলামের দাওয়াত, সংগঠন, তালিম, তারাবিয়্যাহ ও তাযকিয়া (আত্মশুদ্ধি), খেদমতে খালক তথা সৃষ্টি সেবা ও আমর বিল মারুফ নাহি আনিল মুনকার (সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ)। সংগঠনটির পথচলার ৭৭ বছর পূর্তি উপলক্ষ্যে সিলেটে দুই দিনব্যাপী ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) ফজরের নামাজের পরপরই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিন রাত ১১টা পর্যন্ত দেশ বিদেশের প্রখ্যাত আলেমেদ্বীন বয়ান পেশ করবেন। পরদিন শুক্রবার ভোররাতে জিকির শুরু হবে। পরে ফজরের নামাজ শেষে আমন্ত্রিত অতিথিরা বয়ান রাখবেন। এদিন জুমার নামাজ শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।
তিনি বলেন-দুই দিনব্যাপী ইজতেমায় বয়ান রাখবেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুফতি মাওলানা মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী, ভারতের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী, মাওলানা সাইয়্যিদ আশহাদ রশীদিসহ দেশ বরেণ্য আলেমরা।
সংবাদ সম্মেলনে মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী বলেন, ইজতেমা উপলক্ষে ইতোমধ্যে অনুষ্ঠানস্থল সাজানো, নিরাপত্তা ব্যবস্থা, আগত মুসল্লিদের থাকা-খাওয়াসহ সকল কর্মসূচির প্রায় ৯০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমায় লক্ষাধিক মুসল্লি জমায়েত হবেন বলে আশা করা যাচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন- আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠাকাল থেকে নিজের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচির আলোকে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের পাশাপাশি বিদেশেও সংগঠনের কার্যক্রম চালু আছে। দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে সোনার মানুষ গড়তে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এ মহৎ কাজের ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সিলেট মহানগরীর আমীর মাওলনা শায়খ সাইফুল্লাহ, জেলা শাখার নাজিম মাওলানা নজমুদ্দীন ক্বাসেমী, মহানগর শাখার নায়েবে নাজিম মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরি, জেলা নায়েবে নাজিম মাওলানা সাইফুর রহমান ও মহানগরীর সদস্য আদনান শাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D