১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২১
বিএনপি পুনর্গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এর অংশ হিসেবে এরই মধ্যে জেলা বিএনপি’র আওতাধীন উপজেলা ও ইউনিয়ন কমিটির কাউন্সিল ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করার সময়সীমা বেধে দেয়া হয়েছে। সিলেট মহানগরেরও আহ্বায়ক কমিটি পুনর্গঠনের তাগাদা দেয়া হয়েছে। দলের হাইকমান্ডের এমন নির্দেশনা পাবার পর দলের নেতা-কর্মীরাও কিছুটা সক্রিয় হয়েছেন।
দলের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, করোনা পরিস্থিতিসহ নানা কারণে সিলেটে বিএনপি’র কার্যক্রম কেবল দলীয় কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ। পুলিশের অনুমতি নিয়ে দলের নেতা-কর্মীরা পালন করেন কেন্দ্রীয় কর্মসূচি। আবার জেলা বিএনপিতে গ্রুপিংও অনেকটা মাথাচাড়া দিয়ে উঠেছে। সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির ৯ জন সদস্য জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেন। বিগত পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে জেলা বিএনপি’র উভয় অংশের নেতাদের আলাদা গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। বিগত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের পর সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদ বদরুজ্জামান সেলিমও অবস্থান করছেন যুক্তরাজ্যে। তার বদলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়ে চলছে দলের কার্যক্রম।
জানা গেছে, ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি জেলা ও মহানগর বিএনপি’র যৌথ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের কয়েক বছর জেলা কমিটি ভেঙ্গে দিয়ে আহŸায়ক কমিটি গঠন করা হলেও সেই কাউন্সিলে গঠিত কমিটি দিয়েই চলছে দলের কার্যক্রম।
জানা গেছে, সিলেট মহানগর বিএনপির কমিটিও ভেঙ্গে দিতে তৎপর হয়েছে কেন্দ্র। আগামী ১৪ মার্চ কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়াল বৈঠকে বসবেন নেতৃবৃন্দ। ঐ দিনই ঘোষিত হতে পারে নতুন আহবায়ক কমিটি। এর প্রাক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, জেলা ও মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন এক সঙ্গে হয়েছিল। তিনি জানান, এরই মধ্যে জেলার আহŸায়ক কমিটি গঠিত হয়েছে। তাই, মহানগরেও আহবায়ক কমিটি গঠনের তাগাদা রয়েছে। এরই মধ্যে আহবায়ক কমিটি গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৪ মার্চ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে স্কাইপিতে ভার্চুয়াল বৈঠক হবে। তাঁর নির্দেশনা পেলে মহানগরে বিএনপিকে পুনর্গঠনের কাজ শুরু হবে।
নাসিম হোসেইন জানান, নতুন আহবায়ক কমিটি তিন মাসের মধ্যে নগরের ২৭ টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করবে। এরপর মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
অপরদিকে, ২০১৭ সালের শেষের দিকে সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়কের দায়িত্ব পান- কামরুল হুদা জায়গীরদার। আহবায়ক কমিটির ঘোষণার পর বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটে আহবায়ক কমিটি করতে গিয়ে অনেক জায়গায় বিভক্তির সৃষ্টি করে সিলেট জেলা বিএনপি। সে কারণে বেশিরভাগ উপজেলা বঞ্চিত বা কোনঠাসা কর্মীরা একেবারেই নিস্ক্রিয় হয়ে পড়েছে। প্রায় সকল উপজেলায় উপজেলা আহবায়ক তথা সদস্য সচিবরা নিজেদের কর্মী দিয়ে ইউনিয়ন কমিটি গঠন করছেন। এতে তৃণমূলে ক্ষোভ রয়েছে। যদিও জেলা বিএনপির আহবায়ক দাবি করেছেন, তৃণমূলে বিএনপি অনেক শক্তিশালী। দীর্ঘদিন থেকে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কাজ করছে বিএপি। তার দাবি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৫ মার্চের মধ্যে সকল ইউনিটের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই সময়সীমার মধ্যে কমিটি গঠন সম্ভব না হলেও রমজানের আগে সবকটা ইউনিটের কমিটি গঠন সম্ভব হবে বলে জেলা বিএনপির আহবায়ক দাবি করেন।
বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন আহমদ পুরো সিলেট বিভাগে কমিটি পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন। তিনি জানান, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে কাউন্সিলের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। এর মাধ্যমে দলকে চাঙ্গা করাই তাদের মূল লক্ষ্য বলে দাবি করেন সাবেক এ এমপি।
তথ্যসূত্রঃ সিলেটের সকাল

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D