কামরান চত্বর’ নামকরণের সিদ্ধান্ত হয়নি : মেয়র আরিফ

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

কামরান চত্বর’ নামকরণের সিদ্ধান্ত হয়নি : মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক  ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের স্মৃতিতে সিটি কর্পোরেশনের সামেনে চত্বরটি ‘কামরান চত্বর’ নাম করনের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তবে কামরানসহ সিলেট সিটি করপোরেশন ও পৌরসভায় অতীতে যারা মেয়র ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তাদের স্মৃতিরক্ষায় উদ্যােগ নেওয়ার পরিকল্পনা সিসিকের আছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরীর সিটি পয়েন্ট এলাকাকে ‘কামরান চত্বর’ হিসেবে নামকরণ করা হচ্ছে- এমন তথ্য ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই এ তথ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন এবং সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ জানান। এজন্য নবনির্মিত ট্রাফিক আইল্যান্ডের ছবি নিয়ে প্রচারণা চালাচ্ছেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে আরিফ বলেন, “সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান মৃত্যুর পরপরই তার বাসায় গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমি বলেছিলাম, উনার স্মৃতিরক্ষায় আমরা সিটি করপোরেশন থেকে উদ্যোগ নেবো। কেবল তিনি নন, অতীতে আ ফ ম কামালসহ যারাই এই শহরবাসীর সেবায় দায়িত্বপালন করেছেন তাদের সকলের স্মৃতিরক্ষার পরিকল্পনা আমাদের রয়েছে। কিন্তু এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে ফেসবুকে যে প্রচারণা চালানো হচ্ছে তা সত্য নয়।”

মেয়র বলেন, “কোনো স্থাপনা বা চত্বরকে নামকরণ করার একটি প্রক্রিয়া রয়েছে। সিটি করপোরেশনের সাধারণ সভায় এটি পাশ করাতে হয়। কিন্তু এখন করোনা পরিস্থিতির কারণে সাধারণ সভা করাই সম্ভব হচ্ছে না। তবে আমি আশা করছি, পরবর্তী সাধারণ সভায় উনাদের স্মৃতিরক্ষার ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে পারবো।”

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার (১৫ জুন) ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদরউদ্দিন আহমদ কামরান।

জনপ্রিয় ও সজ্জ্বন এই নেতার মৃত্যুতে শোকে মূহ্যমান পুরো সিলেট। শোকাহত দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে কামরানের স্মৃতিরক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি তোলা হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট