১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০
সিলেটে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের দাফন কাজে সহায়তা করছে ইসলামী ফাউন্ডেশনসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিধি মেনে লাশ গোসল করানো, কাফনের কাপড় পরানোসহ পুরো দাফন প্রক্রিয়া সম্পন্ন করেন স্বেচ্ছাসেবকরা। তাদের নিজ খরচে এমন কার্যক্রম ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। সিলেটে করোনাকালে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে সাধুবাদ কুড়িয়েছেন একজন আবাসন ব্যবসায়ী।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন জানান, মার্চ থেকে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের দাফন কাজে সহায়তার প্রস্তুতি শুরু হয়। এজন্য প্রতি উপজেলায় রয়েছে ১০ সদস্য বিশিষ্ট কমিটি। এর তদারকী করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া, করোনা পজিটিভ ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন মরদেহ সৎকারে ইসলামিক ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছে ইসলামী আন্দোলন, কোয়ান্টাম ফাউন্ডেশন, ইমাম সমিতি, তাকওয়া, গাউছিয়াসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।
ইসলামিক ফাউন্ডেশনের দাফন কার্যক্রমের সমন্বয়ক সৈয়দ ফখরুল ইসলাম জানান, শুধু মুসলিম নয়, হিন্দু ধর্মের কেউ মারা গেলে তার সৎকারের জন্যেও আলাদা টিম কাজ করছে। এ ব্যাপারে ০১৭১১৫৭২৬০১ নম্বরে যোগাযোগ করা যাবে বলেও জানান তিনি।
কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেটের পরিচালক সিতাব আলী জানান, করোনায় মৃত ব্যক্তির দাফনে স্বজনেরা না এলেও তাদের কাজ থেমে নেই। মে মাস থেকে সিলেট জুড়ে তাদের এ কার্যক্রম শুরু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন মরদেহ সৎকারে গঠিত হয়েছে স্বেচ্ছাসেবক দল। এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সিলেট বিভাগের ৫৮ জন কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সিলেটে ১৪ জুন পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশন ৬ জনের দাফন এবং ১ জনের সৎকার করেছে বলে জানান তিনি।
কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেটের পরিচালক আরো জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা মেনে প্রতিটি মৃতদেহ দাফনে খরচ হয় ১০-১২ হাজার টাকা। যা সম্পূর্ণ কোয়ান্টাম ফাউন্ডেশন বহন করে থাকে। এ ব্যাপারে বিস্তারিত জানা কিংবা লাশ দাফনে সহায়তায় ফাউন্ডেশনের ০১৭১২৫০৯৫৭২ অথবা ০১৭১১১১৫০৭০ নম্বরে যোগাযোগ করা যাবে বলেও জানান।
এদিকে, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর রোগী পরিবহনে সিলেটেও দেখা দেয় বড় সংকট। এমন পরিস্থিতিতে সিলেটে সীমিত আকারে বিনা পয়সার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেন আবাসন ব্যবসায়ী মুহাম্মদ দিলওয়ার হোসাইন। গত ৫ মে থেকে এ সার্ভিস শুরুর পর এক মাসে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ৩৫ জন করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়া হয়। একই সময়ে করোনায় মারা যাওয়া চারজনের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা বিনামূল্যে এ অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে ০১৭২৮-৭৮০২২২, ০১৭১৬-২০১৩০৭ ও ০১৭৭০-১৩০২৩৩ মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D