টিলা কাটার দায়ে রাগীব আলীকে ৯ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮

টিলা কাটার দায়ে রাগীব আলীকে ৯ লাখ টাকা জরিমানা

সিলেট শহরতলীর মালনিছড়া চা বাগানে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা গুনলেন সিলেটের শিল্পপতি ও চা-কর রাগীব আলী। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার তাকে এ জরিমানা করে।
মঙ্গলবার (৮ মে) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জরিমানার সত্যতা নিশ্চিত করে পরিবেশ পরিদপ্তর সিলেট-এর সহকারি পরিচালক হাফিজুর রহমান গনমাধ্যমকে জানান, ‘মালনিছড়া চা বাগানে টিলা কাটার প্রমাণ পাওয়ায় এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা ঢাকা অফিসকে অবহিত করেন। ঢাকায় শুনানি শেষে এই জরিমানা ধার্য করা হলে মঙ্গলবার তা আদায় করে নেয়া হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ মার্চ অনুমতি ছাড়াই মালনীছড়া চা বাগানের টিলা কাটার খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে ছবি তুলতে চাইলে বাধা দেয় বাগান কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন গণমাধ্যমে টিলা কাটার সংবাদটি প্রচার হওয়ার পর নজরে আসে পরিবেশ অধিদপ্তরের। এরই প্রেক্ষিতে রাগীব আলীর মালিকানাধীন এ বাগানকে জরিমানা করা হয়।

উল্লেখ্য, সিলেটের আলোচিত শিল্পপতি রাগীব আলীর মালিকানাধীন একাধিক চা বাগান রয়েছে। বাগান দখল করে মালিক বনে যাওয়ারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। সিলেট নগরের আখালিয়ায় হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দখলের দুটি মামলায় গত বছরের শুরুর দিকে রাগীব আলী ও তার ছেলেকে ১৪ বছর করে কারাদণ্ড প্রদান করে সিলেটের একটি আদালত। দুটি মামলায়ই উচ্চ আদালতে আপীল করে বর্তমানে জামিনে আছেন পিতা-পুত্র।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট