৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
বিয়ানীবাজারে ব্যবসায়ী সহিব উদ্দিন সইবন হত্যার রহস্য উদযাটন করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল মুন্সী এ নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।
প্রেস ব্রিফিং এ তিনি জানান, ব্যবসায়ী সহিব উদ্দিন সইবনকে বৃহস্পতিবার রাত ২-৩টার মধ্যে গাড়ীতে জবাই করে হত্যা করা হয়েছে। এরপর লাশ সড়কের পাশে ফেলে দেয় ঘাতকরা।
তিনি আরো জানান, এ হত্যাকান্ডে সরাসরি জড়িত জাকিরকে গ্রেফতার করা হয়েছে শনিবার। তার সিলেটের বাসায় বিভিন্ন রকমের প্রায় দেড় হাজার ডকুমেন্ট পাওয়া গেছে। যা দিয়ে তিনি যুক্তরাষ্ট্র লোক পাঠাতেন। এ প্রক্রিয়ার সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী আপ্তাবুর রহমান ও ঢাকার এক আদম ব্যবসায়ী যুক্ত রয়েছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। এ চক্র জাকিরের মাধ্যমে নিহত সইবনের কাছ থেকে প্রায় দেড়কোটি টাকা নিয়েছে। জাকিরের স্ত্রী ও শাশুড়ি আটক আছেন। তাদেরকেও অভিযুক্ত করা হবে।
ওসি মুন্সী বলেন, যুক্তরাষ্ট্রে নিতে প্রায় দেড় হাজারের মানুষের নথিপত্র ঘাতক জাকিরের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। এসব নথিপত্রে একটি মেইল যোগাযোগের ফাইলও ছিল। তাতে আপ্তাবুর রহমান নামের এক ব্যক্তির মেইল আইডি থেকে এসব নথি আদান প্রদানের প্রমাণ মিলেছে। এ পর্যন্ত আমরা অনেক আলামত জব্দ করেছি। হত্যাকান্ডের সাথে ৫/৬ লোক সরাসরি যুক্ত ছিল। তাছাড়া এ ঘটনায় দেশের বাইরের ও দেশের ভেতর থেকেও ইন্ধন দেয়ার প্রমাণ রয়েছে। তিনি বলেন, ঘাতক জাকির একেক সময় একেক কথা বলে। তার কাছ থেকে উদ্ধার করা আলামত এবং তথ্য থেকে আমরা নিশ্চিত সে এ ঘটনার সাথে সরাসরি যুক্ত। জাকিরের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি সিলেটের আখালিয়া ঘাট এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়। তবে গাড়ির চালক পলাতক থাকার কথা তিনি জানান।
তিনি আরো বলেন, আদম পাচারকাজে জাকির জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। আমরা তার বাসা থেকে দেড় হাজারের মতো বিভিন্ন ব্যক্তির আইডি, নাগরিক সদন, ছবি উদ্ধার করেছি। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার একজন এবং যুক্তরাষ্ট্রের একজনও এঘটনার সাথে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ ব্যক্তির নাম পরিচয় আপাতত গোপন রাখা হচ্ছে।
ওসি শাহজালাল মুন্সী বলেন, দেড় কোটি টাকা লেনদেন হয়েছে। এসব টাকার বেশিরভাগ লেনদেন হয়েছে জাকিরের সাথে। বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত জাকির ও ঢাকার ব্যক্তির সাথে ব্যবসায়ী সইবনের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ হয়েছে। এক প্রশ্নের উত্তরের তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডটি গাড়ির ভেতর ঘটানো হয়েছে। এ ঘটনায় জাকিরকে গ্রেফতার এবং তার স্ত্রী রিপা ও শ্বাশুড়ি সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতদের আইনী হেফাজতে রাখা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আইনের দৃষ্টিতে সব অপরাধী সমান। এখানে করুণা করার কোন সুযোগ নেই। তবে এ দুই মহিলা ও তাদের সাথে থাকা ছোট শিশুটির বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জরুরী কাজে সিলেট গিয়ে আর বাড়িতে ফিরেননি বিয়ানীবাজারের জামান প্লাজার প্রবীণ ব্যবসায়ী ও আবরণী বস্ত্র বিতানের মালিক সহিব উদ্দিন সৈবন আহমদ (৫০)। পরদিন শুক্রবার ভোরে বিয়ানীবাজার-সিলেট সড়কের চারখাই গাছতলা নামক এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D