৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮
নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সংলাপের প্রস্তাবকে নির্বোধের প্রলাপ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ডিসেম্বরের আগে সহায়ক সরকার গঠিত হলে সেখানে বিএনপির কোনো প্রতিনিধি থাকবে না, কারণ তাদের কেউই বর্তমান সংসদের সদস্য নন।
আজ শনিবার বিকেলে সিলেট নগরীর কাজী নজরুল অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ সেখানে বিশেষ প্রতিনিধি সভার আয়োজন করে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘সহায়ক সরকার, যেখানে যত ধরনের দলটল আছে, মতামত দেওয়ার একটা সুযোগ থাকে, সেই রকম একটা ব্যবস্থা আমাদের নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আগেই করে দিয়েছেন। যেখানে তাঁর কোনো বাধ্যবাধকতা ছিলো না। সুতরাং নতুন করে সংলাপ, নতুন করে আলোচনা- এটাকে একান্তই নির্বোধের প্রলাপ বলা যেতে পারে। এটার কোনো জায়গাও নেই। এবং এটা নিয়ে আমাদের চিন্তা করারও কোনো অবকাশ নেই।’
আবুল মাল আবদুল মুহিত তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে দাবি করেন অর্থমন্ত্রী। এবার ১০ লাখ টন খাদ্য মজুদের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্য নির্মূল হয়ে যাবে। ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলবে।
একই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপির আগামী নির্বাচনে জয়ী হওয়ার ২০ ভাগ সম্ভাবনাও নেই বলে মন্তব্য করেন। বিএনপির নির্বাচনকালীন সরকার নিয়ে নানা দাবির পরিপ্রেক্ষিতে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট জেলা সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
সভায় বক্তারা ৩০ জানুয়ারির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে সফল করার আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D