৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
সিলেট অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য ডে-কেয়ার কেমোথেরাপী সেন্টার স্থাপনের পদক্ষেপ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন(সিসিক)।
গত শনিবার রাতে সিলেট সফররত ভারতীয় ডাক্তারদের সাথে আলোচনাকালে এ পদক্ষেপ গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিলেট নগরীসহ বৃহত্তর সিলেটে ক্যান্সার রোগীর সংখ্যা বেশী। জটিল এ রোগে অধিকাংশ ক্ষেত্রেই রোগীদেরকে দীর্ঘ মেয়াদে কেমোথেরাপী গ্রহণ করতে হয়। সিলেটের অনেক রোগীকে ঢাকায় গিয়ে বা দেশের বাইরে গিয়ে কেমোথেরাপীর জন্য দীর্ঘদিন অবস্থান করতে হয়। এ কারণে ক্যান্সার আক্রান্ত রোগীরা যাতে বিদেশে বা ঢাকায় না গিয়ে নিজ বাড়িতে থেকেই কেমোথেরাপী গ্রহণ করতে পারেন, সেটি বিবেচনায় রেখে সিলেট সিটি কর্পোরেশন একটি ডে-কেয়ার কেমোথেরাপী সেন্টার চালু করার উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে নগরীর কুমারপাড়ায় সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন একটি বহুতল ভবনে এ সেন্টার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ সেন্টার প্রতিষ্ঠা ও পরিচালনায় কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে ভারতের ব্যাঙ্গালোর ভিত্তিক বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল হেলথকেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ (এইচসিজি)। এইচসিজি’র ভাইস চেয়ারম্যান মি. যোগেন্দ্র রাওয়াত এবং ভারতের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জি অমরনাথ গত শনিবার রাতে সিলেট নগরীর কুমারপাড়ায় সিলেট সিটি কর্পোরেশনের প্রস্তাবিত ডে-কেয়ার ক্যামোথেরাপী সেন্টার পরিদর্শন করে গেছেন।
এর আগে শনিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট সফররত ভারতীয় ডাক্তারদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মেডিক্যাল ট্যুরিজম প্রতিষ্ঠান ডিএমটি গ্লোবাল সার্ভিসের পরিচালক কাওসার আহমদ আবদুসের সভাপতিত্বে ও সাংবাদিক এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এইচসিজি’র ভাইস চেয়ারম্যান মি. যোগেন্দ্র রাওয়াত, ভারতের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলজিস্ট) ডা. জি. অমরনাথ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিলেট বিভাগ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও বাংলা টিভির বিশেষ প্রতিনিধি শাহাব উদ্দিন শিহাব, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী ও নূর আহমদ ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবদুল আহাদ প্রমুখ।
মতবিনিময় সভায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখায় বর্তমানে ৩ জন ডাক্তার কর্মরত আছেন। এছাড়া, নগরবাসীর সেবায় সিলেট সিটি কর্পোরেশন বিনোদিনী নগর স্বাস্থ্যকেন্দ্রসহ একাধিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনা করছে। সিলেট অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য এখনো কোন মান সম্পন্ন কেমোথেরাপী সেন্টার গড়ে উঠেনি। ভারতের বিশেষায়িত ক্যান্সার হাসপাতালের সহায়তা পেলে সিলেট কর্পোরেশনের পক্ষ থেকে একটি ডে কেয়ার ক্যামোথেরাপী সেন্টার প্রতিষ্ঠা করা হবে।
সভায় ভারতের এইচসিজি হাসপাতালের ভাইস চেয়ারম্যান যোগেন্দ্র রাওয়াত জানান, হেলথ কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ ভারতের বিভিন্ন রাজ্যে মোট ২৮টি ক্যান্সার হাসপাতাল পরিচালনা করছে। ভারত ছাড়াও আফ্রিকার কেনিয়াতে একটি ক্যান্সার হাসপাতাল পরিচালনা করছে এইচসিজি। বাংলাদেশেও এ হাসপাতালের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী এইচসিজি। এ লক্ষ্যে সিলেটে প্রাথমিকভাবে একটি ডে-কেয়ার কেমোথেরাপী সেন্টার চালু করতে যাচ্ছে এইচসিজি। এটি চালু হলে ক্যান্সার রোগীদের কেমোথেরাপী দেয়ার জন্য দীর্ঘদিন ভারতে অবস্থান করতে হবে না।
তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রস্তাবিত স্থানে ডে-কেয়ার কেমাথেরাপী সেন্টারে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সব ধরনের কারিগরি সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় ডাক্তার ও নার্সসহ সকল জনবল নিয়োগ করার আশ্বাস দেন। এছাড়া, এ সেন্টারে নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম চালুরও আশ্বাস দেন।
মতবিনিময় সভায় ভারতের বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলিজস্ট) ডা. জি. অমরনাথ ভারত-বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ক্যান্সার রোগের সার্বিক অবস্থা সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন। তিনি জানান, বাংলাদেশে যে সব ক্যান্সার রোগী রয়েছেন, তাদের চিকিৎসায় ক্যামোথেরাপী সেন্টার চালু করা হলে, রোগীরা অনেক সাশ্রয়ে এ রোগের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D