শাহজালাল মাজার এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

শাহজালাল মাজার এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিলেটের হযরত শাহজালাল (রাহ.) মাজারের মিনার গেইট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের প্রধান সড়কের পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফুটপাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানাপুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম, পরিচয় কিংবা স্থায়ী ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে এবং মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট