|
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে।
এর আগে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আবেদন গ্রহণ ১ জানুয়ারি এবং ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পর আয়োজনের অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
তবে ইউজিসির ওই আহ্বান ও সুপারিশের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষার সূচিতে অটল রয়েছে।
অন্যদিকে, শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে কিংবা নতুন করে পুনর্নির্ধারণ করেছে।
চূড়ান্ত সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল ও ডেন্টাল কলেজে।
এসব প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হলেও শিক্ষার্থীদের আবেদন, প্রবেশপত্র সংগ্রহ ও পরীক্ষার অন্যান্য নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনুসরণ করতে হবে।
কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে-
১. ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ইউজিসির পক্ষ থেকে পরীক্ষা পেছানোর অনুরোধ জানানো হলেও তা আমলে নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়।
পূর্বঘোষিত সূচি অনুযায়ীই পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
আবেদনের সময় : ১২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬।
পরীক্ষার সূচি
আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর ২০২৬; বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর; চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর।
২. রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে।
তবে আবেদনের সময় অপরিবর্তিত রাখা হয়েছে।
আবেদনের সময় : ১৫ থেকে ৩০ নভেম্বর ২০২৬ (সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর ৫ থেকে ৭ দিন অতিরিক্ত আবেদনের সুযোগ দেওয়া হবে)।
পরীক্ষার সূচি : ১২ ফেব্রুয়ারি ২০২৭ (‘বি’ ইউনিট), ১৩ ফেব্রুয়ারি (‘সি’ ইউনিট) এবং ২০ ফেব্রুয়ারি (‘এ’ ইউনিট)।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
পূর্বনির্ধারিত তারিখেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের সময় : ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬।
পরীক্ষার সূচি : ১ জানুয়ারি ২০২৭ (‘এ’), ৮ জানুয়ারি (‘ই’), ১৫ জানুয়ারি (‘বি’), ২২ জানুয়ারি (‘সি’) এবং ২৩ জানুয়ারি (‘ডি’ ইউনিট)।
৪. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে সময়সীমায় কিছুটা পরিবর্তন এনে পূর্বঘোষিত ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে চবি।
আবেদনের সময় : ১০ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭ (ফি জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি)।
পরীক্ষার সূচি : ২৯ জানুয়ারি (‘সি’), ৩০ জানুয়ারি (‘এ’), ৫ ফেব্রুয়ারি (‘বি’), ৬ ফেব্রুয়ারি (‘ডি’ ইউনিট)। এ ছাড়া ৩ ও ৪ ফেব্রুয়ারি উপ-ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা হবে।
৫। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১০ ডিসেম্বর শুরু হবে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন।
পরীক্ষার সূচি : ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া কুমিল্লার পাশাপাশি এবার কেন্দ্র হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৬. মেডিক্যাল ও ডেন্টাল কলেজ
সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে।
৭. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বুয়েটের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে ১৬ জানুয়ারি ২০২৭ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৮. খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৯. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
কুয়েটে গত ১০ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি ২০২৭।
১০. মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)
এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি।
১১. বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এইউবি)
তারিখ পরিবর্তন করে নতুন সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ২০২৭ স্নাতক স্তরের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা অনুষ্ঠিত হবে বিএএফ শাহীন কলেজ (ঢাকা) ও লালমনিরহাট ক্যাম্পাসে।
১২. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)
পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ এগিয়ে এনে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে।
১৩. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সময়সূচিই বহাল রয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ (শুক্র ও শনিবার ছাড়া) পর্যন্ত ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D