নারী এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ এনসিপির

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

নারী এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ এনসিপির

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লেগেছে। সেখানে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে এনসিপি নেতারা অভিযোগ করেছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই সময়ের মধ্যে আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। দুটি ছাগল পুড়ে গেছে।

পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন আরও বলেন, নুসরাত তাবাসসুমের মা–বাবা ২০ থেকে ৩০ হাত দূরে আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। সেখানে আগুন লাগেনি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।

নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য তিনি। তাঁর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানোর কথা বলেছেন।

ঘটনার বিষয়ে এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, ‘কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি মহোদয়ের পৈতৃক ও স্থায়ী বাসস্থান লক্ষ্য করে রাত ১২টার পর হামলার ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং আরেকটি বাড়ির উঠানে এসে পড়ে।’

হামলায় বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ওয়াহিদুজ্জামান বলেন, ওই সময় বাড়িতে নুসরাত তাবাসসুমের মা–বাবা, চাচাতো ভাইবোন, দুই ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের গায়েও আঘাত লেগেছে এবং তাঁরা কমবেশি সবাই আহত হয়েছেন। এ ছাড়া শেডে আগুন ধরে কয়েকটি গবাদিপশু দগ্ধ হয়ে মারা গেছে।
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কন্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ”।

এরপর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।”

ওই বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেছেন, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান বৃহস্পতিবার সকালে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আগুনে বাড়িতে থাকা দুইটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া অন্য কেউ হতাহত হয়নি। তিনি বলেছেন, রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের দিকে নুসরাত তাবাসসুম তাকে ফোন করে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সারারাত ঘটনাস্থলে ছিল বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন নুসরাত তাবাসসুম। সেসময় কোটা সংস্কার আন্দোলনের আরো কয়েকজন সমন্বয়কের সাথে তাকেও ডিবি পুলিশ হেফাজতে নিয়ে কার্যালয়ে আটক করে রাখা হয়েছিল। পরে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হন ও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। চলতি বছর তিনি জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট