|
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবং সরকারি খাসজমিতে পুনর্বাসনের দাবিতে ১০ নভেম্বর মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মিরেরচক শ্রমজীবী সংঘের আহবায়ক আলী আহমদ, সদস্য দুলাল মিয়া, মালেক মিয়া, লুৎফা বেগম, হাজেরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা আবুল কালাম আজাদ খাঁন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় বসবাসরত অসংখ্য ভূমিহীন ও নিম্নআয়ের পরিবার নদীভাঙন, জমিজমা হারানো, ঋণের বোঝা এবং জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে নগরীতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এসব পরিবারের অধিকাংশই দিনমজুর, মুটেমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিক, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ও অন্যান্য দৈনিক মজুরি ভিত্তিক পেশায় নিয়োজিত। সামান্য উপার্জনে পরিবার-পরিজন নিয়ে বস্তি ও ঘনবসতিপূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ভাড়াটিয়া হিসেবে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিম্নআয়ের মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। চাল, ডাল, তেল, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্য, বাড়িভাড়া, বিদ্যুৎ ও গ্যাসের বিল, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে গিয়ে এসব পরিবার দিশেহারা। অধিকাংশ পরিবারের নির্দিষ্ট মাসিক আয় না থাকায় কাজ না থাকলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। সারাদিন পরিশ্রম করেও রাতে নিরাপদে মাথা গোঁজার মতো স্থায়ী আশ্রয় নিশ্চিত করতে পারছে না।
স্মারকলিপিতে আরও বলা হয়, অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে বসবাসের কারণে নারী, শিশু ও বয়স্করা নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। পর্যাপ্ত বাসস্থান ও শিক্ষার উপযুক্ত পরিবেশের অভাবে অনেক শিশু নিয়মিত লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দারিদ্র্য ও আবাসন অনিশ্চয়তার কারণে অনেক শিশুকে অল্প বয়সেই উপার্জনের কাজে যুক্ত হতে হচ্ছে। ফলে তাদের স্বাভাবিক শৈশব, শিক্ষার অধিকার ও ভবিষ্যৎ জীবন মারাত্মকভাবে বাধাগ্রস্থ হচ্ছে।
এ অবস্থায় অসহায় পরিবারগুলোর জীবন-জীবিকা, সন্তানদের ভবিষ্যৎ ও মানবিক মর্যাদা রক্ষায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর তালিকা প্রণয়নে সরেজমিনে জরিপ পরিচালনা, সরকারি খাসজমি চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের সমন্বয়ে সরকারি অর্থায়নে স্থায়ী আবাসন প্রকল্প গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রকৃত অসহায় পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আবাসন বরাদ্দ, পুনর্বাসন এলাকায় প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং পুনর্বাসনের পূর্ব পর্যন্ত জরুরি খাদ্যসহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D