|
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মাথায়।
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
সামিরা খান মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন তিনি। মাহির গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে, তবে তাঁর শৈশব কেটেছে সিলেটে।
বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে পুরো মিলনায়তনে বিরাজ করছিল টানটান উত্তেজনা। নিজের নাম শোনার সঙ্গে সঙ্গেই আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি এবং হাত রাখেন বুকের ওপর। গত বছরের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরেন এবং একসঙ্গে মঞ্চে হাঁটার সময় উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
ফিনালেতে মাহির পরনে ছিল শ্যাম্পেন গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন, যার অফ শোল্ডার ডিজাইনটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও সিলভার রঙের গাউন, যার কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার এই বিশেষ মুহূর্তে মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।
এই আয়োজনে উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক। এ ছাড়া অনুষ্ঠানে চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের একাধিক মডেল ও কোরিওগ্রাফার অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।
ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের সুবাদে দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাস তাকে ভক্তদের মধ্যে দারুণ জনপ্রিয় করে তুলেছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে তিনি নাম লেখালেন সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের সেরার খেতাবে।
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, বাবা মা আমাকে বলেছে যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।
উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ে তিনি সেরা ৩০ এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথমবারের মতো প্লেসমেন্ট অর্জন। সেই সঙ্গে পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান দখল করে দেশের জন্য দারুণ গৌরব নিয়ে এসেছিলেন তিনি।
তানজিয়া জামান মিথিলার উত্তরসূরি হিসেবে এবার আন্তর্জাতিক মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়াবেন সামিরা খান মাহি। এখন বিশ্বমঞ্চে তার চোখজুড়ানো পারফরম্যান্স দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দেশের সাধারণ দর্শকরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D