তিন বছরে ১১ লাখ ৪০ হাজার স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্য কানাডার

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

তিন বছরে ১১ লাখ ৪০ হাজার স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্য কানাডার

কানাডায় আগামী তিন বছরে ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা (পিআর) গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির ফেডারেল সরকার। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর ৩ লাখ ৮০ হাজার করে স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

নতুন অভিবাসন পরিকল্পনায় দক্ষ কর্মী ও অর্থনৈতিক অভিবাসন কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবার পুনর্মিলন, শরণার্থী ও মানবিক বিবেচনায় অভিবাসনের সুযোগও অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

সরকারি পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনের অংশ ৬৪ শতাংশের বেশি রাখা হয়েছে। দক্ষ কর্মী, প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) এবং অন্যান্য অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে এই লক্ষ্য পূরণের পরিকল্পনা রয়েছে।

ফরাসিভাষী অভিবাসীদের জন্যও বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দার হার ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগও নেওয়া হয়েছে। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর মধ্যে ২ লাখ ২০ হাজার কর্মী এবং সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন।

এ ছাড়া ২০২৭ সালের শেষ নাগাদ কানাডায় অবস্থানরত সর্বোচ্চ ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তাঁদের মধ্যে ১ লাখ দক্ষ কর্মীকে এক্সপ্রেস এন্ট্রি ও প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।

তবে ১১ লাখ ৪০ হাজারের লক্ষ্যমাত্রা কোনো আবেদনকারীর স্থায়ী বসবাসের অনুমোদনের নিশ্চয়তা নয়। বরং এটি আগামী তিন বছরের পরিকল্পিত অভিবাসন লক্ষ্যমাত্রা। কানাডায় স্থায়ীভাবে বসবাসে আগ্রহীদের সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আবেদন প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন অভিবাসনসংশ্লিষ্টরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট