|
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি ও রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার চকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুখু মিয়া (২২) জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি এ মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি।
এসআরবি জানায়, জমিজমা, সরকারি খাসজমিতে গবাদিপশু চরানো এবং বসতবাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। এর মধ্যে ঘটনার দুই দিন আগে হাওরের পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে বিরোধের জেরে উত্তেজনা আরও বাড়ে।
এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর সকালে গবাদিপশু চরাতে যাওয়ার পথে জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া এলাকায় আব্দুল হামিদের বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় মতিউর রহমানের (৪৮) ওপর হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন।
পরে আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুজিবুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৮ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মতিউর রহমানের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। মামলার ছায়া তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।
এসআরবি-৯-এর সুনামগঞ্জ ও সিলেটের সদর কোম্পানির যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুখু মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D