কুমিল্লায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

কুমিল্লায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ (ভারতীয়) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদনান আলতাফ ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়ার বাসিন্দা আলতাফ হোসাইন রাথারের ছেলে।

পরিবারের তথ্য অনুযায়ী, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ভারতীয় খাবারের হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে কলেজ ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। পরে বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট