|
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দাবি আদায় না হলে মিছিল নিয়ে তারেক রহমানকে ঘেরাও করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের জীবন নাজেহাল। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই।
তিনি বলেন, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাঁরা পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় হবে। দাবি আদায়ে মিছিল নিয়ে তারেক রহমানকে ঘেরাও করা হবে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তাঁর অভিযোগ, তারেক রহমানের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই; পরিকল্পনা রয়েছে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির। বিএনপির মধ্যে নব্য স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে আসবে বলে আলোচনা রয়েছে। বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারেনি, জনগণকে কীভাবে রক্ষা করবে- এমন প্রশ্ন তোলেন তিনি।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, সীমান্ত হত্যা, হিন্দু সম্প্রদায়কে নিয়ে ষড়যন্ত্র এবং পাহাড়কে অশান্ত করার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D