|
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬
স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদ আহমদ (৩৬)। হয়তো প্রিয়জনদের জন্য লাগেজভর্তি উপহার কিনেছিলেন, মনে মনে সাজিয়েছিলেন পরিবারের সঙ্গে দেখা হওয়ার হাজারো আনন্দের মুহূর্ত।
কিন্তু প্রিয় মাতৃভূমিতে পা রাখার আগেই কাতারের দোহা এয়ারপোর্টে থেমে গেল তাঁর জীবনের পথচলা। জীবিত মানুষটির অপেক্ষায় থাকা পরিবারটির বুকে এখন কেবলই হাহাকার আর অসহনীয় শূন্যতা।
জাহেদ আহমদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঝালোপাড়ার মুহিবুর রহমানের ছেলে। তিনি জীবিকার তাগিদে চার বছর আগে পাড়ি জমিয়েছিলেন স্পেনে।
নিহতের চাচা পলাশ আহমদ জানান- স্পেন থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে স্বদেশের পথে রওনা দিয়েছিলেন জাহেদ। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কাতারের দোহা এয়ারপোর্টে পৌঁছানোর পর তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, সেখানে তিনি হঠাৎ হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন। অবস্থা বেগতিক দেখে এভিয়েশন কর্তৃপক্ষ দ্রুত নিজেদের তত্ত্বাবধানে তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জাহেদ, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানান পলাশ আহমদ।
আজ যে মানুষটির দেশে ফেরার অপেক্ষায় ছিল পুরো পরিবার, যে মানুষটিকে একনজর দেখার জন্য মা-বাবা ও স্বজনেরা অধীর আগ্রহে দিন গুনছিলেন, সেই মানুষটি এখন দেশে ফিরবেন—কিন্তু হাসিমুখে নয়, নিথর দেহ হয়ে।
যে লাগেজে প্রিয়জনদের জন্য ছিল ভালোলাগার উপহার, সেই লাগেজের সঙ্গেই এখন দেশে ফিরবে এক পরিবারের বুকভরা কান্না আর অন্তহীন শোকের মাতম। পরবাসের কষ্ট সহ্য করে পরিবারের মুখে হাসি ফোটাতে চাওয়া এই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D