তিনমাস মসজিদে-টিভি রুমে রাত কাটানো নিশানের দায়িত্ব নিলেন শাবি ভিসি

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

তিনমাস মসজিদে-টিভি রুমে রাত কাটানো নিশানের দায়িত্ব নিলেন শাবি ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলে সিট না পেয়ে তিন মাস ধরে কখনো মসজিদ, কখনো টিভি রুমে রাত কাটানো শিক্ষার্থী নিশান হোসাইনের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) সকালে নিশানকে নিজের কার্যালয়ে ডেকে নেন উপাচার্য। এ সময় তার থাকার ব্যবস্থা ও আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

নিশান শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী। আর্থিক সমস্যার কারণে মেসে উঠতে না পারায় গত তিন মাস ধরে আবাসিক সংকটে ছিলেন তিনি। হল প্রভোস্টকে একাধিকবার বিষয়টি জানানো হলেও এত দিন তার জন্য আবাসিক সিটের ব্যবস্থা হয়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, ‘নিশানকে আমি আজ ডেকে এনেছি। আমি নবীনবরণ অনুষ্ঠানে তাদের বলেছিলাম, কারও যেকোনো ধরনের সমস্যা থাকলে আমাকে মেসেজ দিতে। যাই হোক, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে আপাতত তাকে চলার মতো কিছু আর্থিক সহায়তা করেছি। তার বিভাগীয় প্রধানও তার ব্যাপারে খুব ইতিবাচক।’

নিশানের আবাসিক সিটের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, ‘বিভাগীয় প্রধান হলে সিটের বিষয়টি নিয়ে হল প্রভোস্টের সঙ্গে কথা বলবেন। আপাতত সে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের এক বড় ভাইয়ের রুমে থাকবে।’

এ ছাড়া নিশানের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। উপাচার্য বলেন, ‘তার তিন বেলা খাবারের খরচ সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট বহন করবেন বলে আমাকে জানিয়েছেন।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট