হুক ছিঁড়ে ৯টি বগি লাউয়াছড়ায় রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

হুক ছিঁড়ে ৯টি বগি লাউয়াছড়ায় রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের (৭২০) হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৯টি বগি বনের ভেতর রেখে বাকি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশন চলে যায় ট্রেনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিকেল সাড়ে ৫টার পরে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৯টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি ছয়টি বগির পর ক্লিপ (হুক) ভেঙে যায়। এতে নয়টি বগি রেখে ইঞ্জিনটি বাকি বগি নিয়ে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল রেলস্টেশন চলে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বলেন, ট্রেনটির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে সামনের সাতটি বগি নিয়ে ইঞ্জিন এগিয়ে যায়। পেছনের নয়টি বগি মাগুরছড়া এলাকায় আটকা পড়ে। কয়েক কিলোমিটার এগিয়ে যাওয়ার পর পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পেরে ট্রেনটি পেছনে নেওয়া হয়। পরে সংযোগ হুক মেরামতের কাজ শুরু হয়।

শিপলু আরও জানান, প্রায় তিন ঘণ্টা কাজ শেষে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে হুক লাগানো সম্ভব হয়। পরে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলের দিকে যাত্রা করে। শ্রীমঙ্গলে পৌঁছানোর পর আরও কিছু কাজ করা হবে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ায় ওই পথে অন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত রায় বলেন, লাউয়াছড়ায় ট্রেন আটকা পড়ায় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গলে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। চট্টগ্রামগামী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

চলন্ত ট্রেনের ৯টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা যাত্রীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

তাই কাপলিং ছিঁড়ে যাওয়ার প্রকৃত কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি।