সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৫১

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৫১

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে।

একই সময়ে বিভাগে নতুন করে ছয়জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে।

শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজনের বয়স পাঁচ মাস এবং অপরজনের বয়স ১১ মাস। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও এক শিশু। তার বয়স নয় মাস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১২৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম আক্রান্ত ৩৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট