সিলেটে রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

সিলেটে রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা

সিলেটের এক রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে এ জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।

জানা যায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুপুরে হুমায়ুন রশিদ চত্বরের ড্রাইভার শ্রমিক রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের ফ্রিজে রক্তের স্তর, ডিমে ময়লা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ মেলে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে নগরের শিববাড়ি পাঠানপাড়ার ভাই ভাই বেকারিতে অভিযান চালায় দলটি। সেখানে নিষিদ্ধ ফুড গ্রেড কালার ব্যবহার, একই তেল বারবার ব্যবহার এবং নোংরা পরিবেশ ও অপরিষ্কার মেঝের কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান মিলিয়ে মোট আড়াই লাখ টাকা জরিমানা করে অভিযানিক দল।

স্থানীয়দের অভিযোগ, খাবার তৈরির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি না থাকায় অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, খাবার তৈরি থেকে শুরু করে পরিবেশন- প্রতিটি ধাপেই স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। কিন্তু অভিযানে পাওয়া এসব অনিয়ম শুধু ভোক্তাদের ভোগান্তিই বাড়াচ্ছে না, তৈরি করছে জনস্বাস্থ্যের ঝুঁকিও। ফলে খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট