|
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে। নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’-এর ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উদ্দেশ্যে আয়োজিত এই উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উৎসবের প্রথম দিনেই মঞ্চস্থ হয়েছে দিক থিয়েটারের ৩৪তম প্রযোজনা ও ৩য় মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’।
‘তমসার ছায়া যাক চির অবসানে, মুখর হোক মানবাত্মা প্রতীতির গানে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ২৭, ২৮ ও ২৯ আগস্ট প্রতিদিনের নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক দল দিক থিয়েটার ছাড়াও দেশের স্বনামধন্য দুটি নাট্যদল ‘স্পর্ধা’ এবং ‘মণিপুরী থিয়েটার’ তাদের পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করছে। উদ্বোধনী প্রদর্শনীতে দিক থিয়েটারের নাটক ‘অদ্যপুরাণ’ মঞ্চস্থ করা হয়েছে।
এবারের নাট্যোৎসবের অন্যতম একটি বিশেষ মানবিক দিক হচ্ছে চ্যারিটি উদ্যোগ। শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী আশরাফুল আলমের দুটি কিডনিই বর্তমানে বিকল। তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার অংশ হিসেবে নাট্যোৎসবের সব প্রদর্শনীর টিকিট বিক্রির প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে। নাট্যচর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
উৎসব আয়োজনের বিষয়ে দিক থিয়েটারের সভাপতি দ্বৈপায়ন দাশ অনন্য জানান, ১৯৯৯ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে “নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ” স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ২৭ বছর ধরে শাবিপ্রবিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে দিক থিয়েটার। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মানুষের কল্যাণ ও মানবিকতার চর্চাকে এক সুতোয় গাঁথতেই এই আয়োজন করা হয়েছে। উৎসবটি সফল করতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও নাট্যপ্রেমীদের মিলনায়তনে সরব উপস্থিতি কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D