|
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬
সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর মো. রিফাত আহমদ (১৫) হত্যার ঘটনায় জুয়েল আহমেদ (১৮) নামে এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গ্রেপ্তার জুয়েল আহমেদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার জিয়াউর রহমানের ছেলে। সে এ মামলার এজাহারনামীয় ৮ নম্বর পলাতক আসামি।
র্যাব-৯-এর তথ্যমতে, গত ২১ জুলাই সিলেটের দক্ষিণ সুরমার এরিনা ফুটসাল ইনডোর মাঠে ফুটবল খেলা চলাকালে ফাউল করাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাফি ও তার দলের সদস্যরা মাঠ ছেড়ে চলে যেতে চাইলে প্রতিপক্ষ দলের সদস্যরা তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে বাধা দেয়।
পরে রাফি তার বন্ধু কিশোর রিফাত আহমদকে ফোন করে বিষয়টি জানান। আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে রিফাত কাজীরবাজার এলাকার সেলফি ব্রিজে পৌঁছালে পূর্ব থেকে সেখানে অবস্থান করা প্রতিপক্ষ দলের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে বলে জানায় র্যাব।
এ সময় রিফাতকে বাঁচাতে সাব্বির আহমেদ, আব্দুস সামি ও রবিউল এগিয়ে এলে তাদের ওপরও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোর রিফাত আহমদকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় রিফাতের মা বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর-৪০, তারিখ ৩০ জুলাই ২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব-৯ জানায়, মামলার পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আভিযানিক দল শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন লাউর ফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়েল আহমেদকে গ্রেপ্তার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D