|
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬
জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান যাচাইয়ে মৌলভীবাজারের চারটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) মো. মাহফুজুল হক অমি এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ। ‘প্রসিকিউটিং এজেন্সি’ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, অভিযানে মেরিগোল্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং মেসার্স আমিরুন্নেছা খানম অ্যান্ড কোংয়ে জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানে পরিমাপ সঠিক পাওয়া যায়।
তবে রাজনগরের মহলালের হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম ধরা পড়ে। সেখানে অকটেনে প্রতি ১০ লিটারে ৪৩০ মিলিলিটার এবং ডিজেলে প্রতি ১০ লিটারে ২৭০ মিলিলিটার ঘাটতি পাওয়া যায় বলে জানায় জেলা প্রশাসন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) মো. মাহফুজুল হক অমি জানান, পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের দায়ে প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট আইনে এক লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ফিলিং স্টেশনটিকে সব ধরনের ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D