শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার বিরাহিমপুর জোড়াপুল সংলগ্ন গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার রাসেল মিয়া (২৬), বানিয়াচংয়ের সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের জুয়েল মিয়া (২৮) ও রাসেল আহমেদ (৩০)।

পুলিশ জানায়, একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার চাকু, ধারালো চাকু, লোহার শাবল ও দুটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়েছে।

এছাড়া ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের টয়োটা এলিয়ন গাড়িটি জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।