গোয়াইনঘাট-সালুটিকর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

গোয়াইনঘাট-সালুটিকর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

সিলেটের গোয়াইনঘাট-সালুটিকর সড়কের লেংগুড়া ইউনিয়নের ছতি গ্রামে সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এসময় পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছতি গ্রামের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের ওপর গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যানবাহন ও পথচারীদের থামিয়ে ডাকাতির উদ্দেশ্যেই গাছটি ফেলা হয়েছিল।

এ সময় পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে টহলরত পুলিশ সদস্যরা বিষয়টি গোয়াইনঘাট থানায় জানালে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ সড়কের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

গোয়াইনঘাট থানার এসআই ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতি হিসেবে সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়।

ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।