সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বৃদ্ধের মৃত্যু

সিলেট নগরীর সবুজবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে উসমান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে এদুর্ঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে পুলিশ।

নিহত উসমান মিয়া শাহপরাণ থানাধীন সৈদানীবাগ এলাকার একটি কলোনিতে থাকতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে সংগ্রহ করতেন।

পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে সবুজবাগ এলাকার একটি নির্মাণাধীন দোতলা ভবনের নিচে প্লাস্টিক সামগ্রী কুড়াচ্ছিলেন উসমান মিয়া। এসময় ভবনের ওপর থেকে একটি ইট তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান, ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।