সিলেটে ফটো সাংবাদিক রেজা রুবেলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

সিলেটে ফটো সাংবাদিক রেজা রুবেলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি টেন্ডার প্রক্রিয়ার অনিয়ম নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করায় দৈনিক শ্যামল সিলেট-এর ফটো সাংবাদিক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিলেট বিভাগীয় কমিটি)-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রেজা রুবেলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রবিবার (১৬ আগস্ট) সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক মো. রেজা রুবেল ১২ আগস্ট তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি প্রকাশের পর সিলেটের বিভিন্ন স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে বিস্তারিত সংবাদ প্রচারিত হয়।

সংবাদ প্রকাশের পর থেকেই অজ্ঞাতনামা একটি মহল থেকে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে বলা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ‘০১৬০১৮৭৭৫১১’ নম্বর থেকে সাংবাদিক রুবেলের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিয়ে দেখে নেওয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে রোববার দুপুর ১২টা ৪৭ মিনিটের দিকে ‘০১৭৬০১০৩৮৮২’ নম্বর থেকেও তাঁকে পুনরায় কল করে একইভাবে হুমকি দেওয়া হয়।

পরপর দুটি নম্বর থেকে প্রাণনাশের হুমকিতে বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান সাংবাদিক রেজা রুবেল।

তাই নিরাপত্তা চেয়ে তিনি কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, যে মোবাইল নম্বরগুলো থেকে হুমকি এসেছে, প্রযুক্তির সাহায্যে সেগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট