সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল দুপুর ১টা থেকে ২টার মধ্যে নগরীর জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশন এলিগ্যান্ট শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ৭ এপ্রিল থানায় মামলা (নং-১৩) দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শহিদুল ইসলাম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করেন। পরবর্তীতে ৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় নগরীর উপশহর এলাকা থেকে চক্রের মূলহোতা কয়েছ আহমেদ তালুকদার (৩৫)-কে গ্রেফতার করা হয়। তিনি মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ আহমেদ তালুকদার নিজেকে সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দাবি করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় জৈন্তাপুর থানার যশপুর এলাকা থেকে চক্রের আরেক সদস্য আকাশ আহমদ (২৪)-কে আটক করে।

এ সময় তার হেফাজত থেকে একটি অবৈধ সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আটক দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট