সিলেটে মুখোমুখী সংঘর্ষ এড়াতে খাদে পড়লো দুই বাস, আহত ১০

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

সিলেটে মুখোমুখী সংঘর্ষ এড়াতে খাদে পড়লো দুই বাস, আহত ১০

সিলেটের বিমানবন্দর সড়কে মুখোমুখী সংঘর্ষ এড়াতে গিয়ে দুটি বাস খাদে পড়ে গেছে। এতে দুই বাসের চালক ও হেলপারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টার দিকে বিমানবন্দর সড়কের মালনিছড়া পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি বাসেই পর্যটক ছিলেন। এরমধ্যে একটি বাস ছিল সাদাপাথর পর্যটনের আর অপর বাসটি রাহাত এন্টারপ্রাইজের। দুটি বিপরীতমুখী পথে যাতায়াতের সময় প্রায় মুখোমুখী সংঘর্ষের উপক্রম হয়।

তবে উভয় বাসের চালকদের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।এরমধ্যে সাদাপাথর পর্যটনের বাসটি খাদে পড়ে যায়, আর রাহাত এন্টারপ্রাইজ ছিল আংশিক খাদে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। এতে দুটি বাসের চালক ও হেলপারসহ ৯ থেকে ১০ জন আহত হয়েছেন এবং তাদের ওসমানী মেডিকেলসহ অন্যান্য হাসতাপালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান। তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাস দুটি উদ্ধারে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগকে জানানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট