কোম্পানীগঞ্জে দুই বোনের ঝগড়ায় ছোট বোনের বিষপানে মৃত্যু

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

কোম্পানীগঞ্জে দুই বোনের ঝগড়ায় ছোট বোনের বিষপানে মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে দুই বোনের ঝগড়ার জেরে ছোট বোনের বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের তোয়াব আলীর দুই মেয়ে বাড়িতে বসে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ুায় ছোট মেয়ে বিষপান করেন।

অচেতন অবস্থায় স্থানীয়রা দ্রুত মেয়েটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ বাড়িতে নেওয়া হয়। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, নিহতের বাবা তোয়াব আলীকে সম্প্রতি মাদকসহ গ্রেফতার করে র‌্যাব। তিনি সেই মামলায় কারাগারে আছেন। তোয়াব আলী কোম্পানীগঞ্জ উপজেলার মৃত শরীয়ত আলীর ছেলে। সন্তানের মৃত্যুর পর তাকে শেষ বারের মতো দেখতে এবং জানাযায় অংশ নেয়ার অনুমতির জন্য আদালতে আবেদন জানান তার স্ত্রী। পরে আদালতের অনুমতির প্রেক্ষিতে তোয়াব আলীকে প্যারোলে মুক্তি দেয়া হয়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পুলিশ তোয়াব আলীকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তার বাড়িতে নিয়ে আসে। বাদ আসর জানাজায় তিনি অংশ নেন। এ সময় সিলেট জেলা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন এবং স্থানীয়রাও সার্বিকভাবে সহযোগিতা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট