মহাসড়কের ভোগান্তি কমাতে আরিফের নাগরিক জমায়েতের ডাক!

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

মহাসড়কের ভোগান্তি কমাতে আরিফের নাগরিক জমায়েতের ডাক!

ঢাকা সিলেট মহাসড়কের চলমান বেহাল অবস্থা ও দীর্ঘদিনের জনভোগান্তি কমানোর দাবিতে রোববার কোর্ট পয়েন্টে নাগরিক জমায়েতের ডাক দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার রাতে নিজ অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি সবসময় সিলেটের স্বার্থে কথা বলেছি যে কোনো সময়, যে কোনো ইস্যুতে। সিলেটের মানুষের সুখ দুঃখ, সুবিধা-অসুবিধা নিয়েই আমি কাজ করেছি। এবারও তার ব্যতিক্রম নয়। ঢাকা সিলেট মহাসড়কের যে করুণ অবস্থা, তা এখন সহ্যের সীমা ছাড়িয়েছে। এই মহাসড়ক শুধু সিলেট নয়, দেশের অন্যতম অর্থনৈতিক ও পর্যটন অঞ্চলকে ঢাকার সঙ্গে যুক্ত করেছে। তাই এই রাস্তা নিয়ে আর কোনো ছাড় নয়।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই নাগরিক জমায়েত দলমত নির্বিশেষে সিলেটের মানুষের অংশগ্রহণের একটি প্ল্যাটফর্ম হবে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটি সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের আহ্বান।

তিনি আশা প্রকাশ করেন, রোববার কোর্ট পয়েন্টে আয়োজিত এই জমায়েতে সিলেটের সব শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে মহাসড়কের উন্নয়ন ও দ্রুত সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ কণ্ঠে আওয়াজ তুলবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা রাস্তা, চলাচলে বিঘ্ন এবং দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় জনসাধারণের ক্ষোভ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট