ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে ১৫ দেশের যৌথ বিবৃতি

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে ১৫ দেশের যৌথ বিবৃতি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে যৌথ বিবৃতি দিয়েছে বিশ্বের ১৫টি দেশ। একইসঙ্গে তারা হামাসের হাতে থাকা সব জিম্মির মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া ও স্পেন- এই ১৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল ও ফিলিস্তিনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরাপদ সীমানার মধ্যে দুটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। এর জন্য জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জরুরি।’

তারা গাজা ও পশ্চিম তীরকে একটি একক প্রশাসনিক কাঠামোর অধীনে প্যালেস্টাইন অথরিটির নিয়ন্ত্রণে আনার পক্ষে মত দেন। গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি ও বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তা কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আমাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, কেউ স্বীকৃতির ইচ্ছা প্রকাশ করেছে বা তা ইতিবাচকভাবে বিবেচনা করছে। দ্বি-রাষ্ট্র সমাধানই শান্তির পথে প্রধান অগ্রগতি।’

তারা অন্য দেশগুলোকে ফিলিস্তিন স্বীকৃতির পথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘গাজায় যুদ্ধ-পরবর্তী দিনের জন্য একটি কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতিতে আমরা একমত। এতে গাজার পুনর্গঠন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি প্রশাসন থেকে হামাসকে বাদ দেওয়া অন্তর্ভুক্ত থাকবে।’