গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ৭১

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ৭১

গাজায় তীব্র খাদ্যসংকটের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) উত্তর ও দক্ষিণ গাজায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট সূত্রগুলো।

এদিকে, দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে উপত্যকার বিভিন্ন হাসপাতালে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার উত্তর গাজার জিকিম পয়েন্টে ত্রাণবাহী ট্রাকের দিকে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই ৫১ জন প্রাণ হারান। আহত হয়েছেন আরও অন্তত ৬৪৮ জন।

দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে তথাকথিত মোরাগ করিডরে ত্রাণ নিতে গিয়ে হামলায় প্রাণ হারান আরও ২০ জন ফিলিস্তিনি। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় নাসের মেডিকেল কমপ্লেক্স।

চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ গাজায় ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করে। তবে শুরু থেকেই ফাউন্ডেশনটি সমালোচনার মুখে পড়ে। কারণ, ফাউন্ডেশন পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে নিরাপত্তার ঘাটতি ও ইসরায়েলি হামলার আশঙ্কা থাকায় সেগুলো প্রাণঘাতী হয়ে উঠেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিতর্কিত ত্রাণ কার্যক্রম চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এসব কেন্দ্রের আশপাশে ইসরায়েলি বাহিনীর হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পর্যাপ্ত ত্রাণ দিতে ব্যর্থতা এবং ত্রাণ গ্রহণের জায়গাগুলোর নিরাপত্তাহীনতা নিয়ে ফাউন্ডেশনটির কড়া সমালোচনা করেছে। গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট