আতিয়া মহলের বাইরে অ্যাম্বুলেন্স, সোয়াতের কাজ শুরু

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭

আতিয়া মহলের বাইরে অ্যাম্বুলেন্স, সোয়াতের কাজ শুরু

সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামের একটি বাড়িকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী। এই জঙ্গি আস্তানার বাইরে দুটি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে অ্যাম্বুলেন্স ‍দুটি ঘটনাস্থলে আনা হয়।

এদিকে সোয়াত টিমও তাদের কাজ শুরু করেছে।

শিববাড়ির পাঁচতলা ঐ বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে ঘিরে রেখেছে পুলিশ। সকাল ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই বাসার আসপাশের সব বাড়ি খালি করা হয়েছে।

বিকেল ৩টা ৫২ মিনিটে সোয়াতের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে সোয়া ৪টার দিকে আসে চার সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ দল।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে নারীসহ একাধিক ‘জঙ্গি’র অবস্থান বলে পুলিশের ধারণা।