২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৭
এক যুগেরও বেশি সময় পর আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বুধবার। এ সম্মেলনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্যরকম এক আবহ বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, সিলেট বিভাগের চার জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এ সম্মেলনের মধ্য দিয়েই নতুন করে আগামী নির্বাচনে জয়লাভের টার্গেটে শুরু হচ্ছে নতুন এক যাত্রা।
পনেরো বছর আগে সিলেট বিভাগীয় আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর নেতাকর্মীরা অপেক্ষা থাকলেও এ ধরনের বৃহৎ সম্মেলন আর হয়নি। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগে দলের অবস্থান আরো শক্তিশালী করতে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করার নির্দেশনা আসে। এরই প্রেক্ষিতে আজ এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সিলেট আলিয়া মাদরাসা মাঠের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত রয়েছেন যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আওয়ামী লীগদলীয় সূত্র জানায়, বৃহত্তর সিলেটের চার জেলায় দলকে আরো শক্তিশালী ও সক্রিয় করতে এবং সকল অনৈক্য দূর করে দলকে একতাবদ্ধ করতেই বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে।আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন, আজকের এই বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে সিলেট বিভাগে নতুন এক যাত্রা শুরু করছে আওয়ামী লীগ। এ যাত্রার মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনে পুরো বিভাগে দলের নিরঙ্কুশ বিজয়। সে লক্ষ্যে এ সম্মেলন বৃহত্তর সিলেটে আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে, ঝিমিয়ে পড়া ভাব কাটিয়ে মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠবেন তারা।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ আরো শক্তিশালী ও সংগঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় অর্জনে এ সম্মেলন ভূমিকা রাখবে। বিভাগের চার জেলায় দলীয় নেতাকর্মীরা এ সম্মেলনের মধ্য দিয়ে নতুন করে সক্রিয় হয়ে দলকে চাঙ্গা করতে রাখবেন কার্যকর ভূমিকা।’
সম্মেলনের প্রস্তুতি দেখতে গত সোমবার সিলেট এসেছিলেন মাহবুব উল আলম হানিফ। আলিয়া মাঠ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সম্মেলনের মাধ্যমে তৃণমূলের সকল বিভেদ নিরসন করে দলকে আরো শক্তিশালী করা হবে। কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনা অনুযায়ী সম্মেলন শেষে নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় নির্বাচনী কাজে নেমে পড়বেন। তারা সরকারের ধারাবাহিত উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য জনগণের কাছে তুলে ধরবেন। এর মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় চায়।’
এদিকে আওয়ামী লীগদলীয় সূত্র জানিয়েছে, দীর্ঘ পনেরো বছর পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বক্তব্য রাখার পাশাপাশি ঘরোয়াভাবে সিলেটের চার জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন ওবায়দুল কাদের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D