সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

সরকারের পদত্যাগ, তফশিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে’ ১১ দফা অবরোধের পর এবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল ডেকেছে বিএনপি।

আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে অনলাইনে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, প্রকাশ্যে দরকষাকষি করে সিট ভাগাভাগির একটা নির্বাচন নিয়ে প্রতিদিন নাটক দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। সর্বসাকুল্যে একটাই দল আর এক নেত্রীর নেতৃত্বেই নির্বাচন করার জন্য দেশটাকে মগেরমুল্লুক বানিয়ে ফেলেছে তারা। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে বাড়ি ঘর, দোকানপাট বন্ধ রেখে ফেরারি করে, দেশের জনগণকে জিম্মি করে আগামী ৭ জানুয়ারি রাষ্ট্রের প্রায় ২ হাজার কোটি টাকার শ্রাদ্ধানুষ্ঠানের পাঁয়তারা চলছে।

তিনি বলেন, সরকার পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছাড়া থাকায় তার পরিবারের লোকজন খাবার না পেয়ে কষ্টে দিন যাপন করছেন। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ না থাকলেও গণভবন, আওয়ামী লীগের কার্যালয়ে ঢাক-ঢোল বাজানো হচ্ছে। আর জনপদগুলোতে নিজেরাই মারামারি, খুনাখুনি করছেন। মানুষ আর সহ্য করতে পারছে না।

রিজভী বলেন, এই ভুয়া নির্বাচন বানচাল করবে দেশের ভোটাররা। কোনো সচেতন মানুষ নির্বাচনে ভোট দিতে যাবে না। তাদের ভোট কেন্দ্রে বসে মাছি তাড়াতে দিন।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি। সর্বশেষ গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট