সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি শনিবার (৪ নভেম্বর) বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। মন্ত্রী সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ১৬০ জন ছাত্রছাত্রীর জন্য সিলেট সেনানিবাসে স্টেশন অফিসার্স মেস-এ একটি উৎসাহ ও প্রেষণামূলক সৌজন্য ক্লাস পরিচালনা করেন। তিনি ডিভিশন পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পর সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যান। তিনি অধ্যক্ষ কর্তৃক প্রতিষ্ঠান সম্পর্কে একটি ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।

ব্রিফিংয়ের পর সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের যৌথ আয়োজনে পরিবেশিত একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দের সাথে ফটোসেশনে অংশগ্রহণ ও প্রতিষ্ঠানের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে প্রয়াস স্কুলের নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং প্রয়াস স্কুলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবগত হন। কর্নেল এ্যাডমিনিস্ট্রেশন, এরিয়া সদর দপ্তর প্রয়াস স্কুলের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য মন্ত্রী এরিয়া কমান্ডার সিলেট এরিয়া এর ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্ত্রী পত্নী সেলিনা মোমেন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমেলার প্রজেক্ট ও আর্টস এন্ড ক্রাফ্ট প্রদর্শনী উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারীদের উদ্ভাবনী প্রতিভার প্রশংসা করে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল, সেনাবাহিনীর উর্দ্ধতন সামরিক কর্মকর্তাগণ, সিলেট সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জমান চৌধুরী, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট; উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা, সিলেট; পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ; শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ; উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা, সিলেট; ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং জাতীয়, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।