|
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬
সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে সালমান নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮১ জনে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহত শিশু সালমানের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। তাকে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যু সন্দেহজনক হাম রোগে হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৫ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৫৭ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৫৬৮ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৯ জন চিকিৎসাধীন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭১, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জনসহ বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে আরও রোগী ভর্তি রয়েছেন।
মৃত্যুর হিসাবেও সিলেট বিভাগের পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬৯ জন, হবিগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজন। সন্দেহজনক ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট ১৮১ জনের মৃত্যু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D