গোয়ালাবাজারে আগুনে পুড়লো ২২টি দোকান

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

গোয়ালাবাজারে আগুনে পুড়লো ২২টি দোকান

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল পৌণে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মুহিবুল ইসলাম।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, সকাল পৌণে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাজপুর ফায়ার সার্ভিসের কর্মকতারা। প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় প্রায় ২০-২২টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তাজপুর ফায়ার সার্ভিসের স্টেশনের ফায়ার ফাইটার মুহিবুল ইসলাম।

তিনি জানান, ২২টি দোকানে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর উদ্ধার করা হয়েছে ৪০ লাখ টাকার মালামাল।

এদিকে স্থানীয় কাপড় ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতকাল ও পূজাকে কেন্দ্র করে প্রচুর কাপড় দোকানে তোলেন। আগুনে তাদের সব কিছু শেষ হয়ে গেছে।

অগ্নিকান্ডের ঘটনার ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, ১৫-১৬টি দোকান অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে। বাজারের মধ্যে সবজি ও কাপড়ের দোকানপাট ছিলো।