৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মে ২১, ২০২৩
চলতি বছরের প্রথম হজ ফ্লাইটে মোট ৪১৫ জন যাত্রী নিয়ে জেদ্দা পৌঁছেছে। স্থানীয় সময় রোববার (২১ মে) সকাল পৌনে ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিট) জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হজযাত্রীরা।
এর আগে শনিবার দিবাগত মধ্যরাত (২১ মে) ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি-৩০০১) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
এছাড়াও, বিমানের আরো চারটি ফ্লাইট আজ (রোববার) দিনের বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশে হজ যাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।
হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।
এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন হজযাত্রীকে পরিবহন করবে বিমান। বাকিদের পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D