চাঁদা না দেওয়ায় ‘হাতকড়া পরিয়ে’ ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মে ১১, ২০২৩

চাঁদা না দেওয়ায় ‘হাতকড়া পরিয়ে’ ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি ও ব্যবসায়ী জামালকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠেছে চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খাদেমুলের বিরুদ্ধে।


এর প্রতিবাদে ও বিজিবি সুবেদারকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে চারাগাঁও মাইজহাটি বাজার মোড়ে এই মানববন্ধন হয়।

নির্যাতনের শিকার জামাল হোসেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও মাইজহাটি মোড়ের ব্যবসায়ী ও ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি।

গত ৯ মে চারাগাঁও মাইজহাটি মোড়ের বাজারে ব্যবসায়ী মো. জামাল হোসেনের দোকানে আরেক ব্যবসায়ী শহিদ মিয়া নেত্রকোণা জেলার কলমাকান্দা বাজারের রফিক এন্টারপ্রাইজ থেকে ক্রয়করা ৩৬ বস্তা শুকনো সুপারি এনে রাখেন। ১০ মে বিজিবির চারাগাঁও ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলাম এসে সুপারিগুলো চোরাই বলে দোকানে তল্লাশি চালান এবং চাঁদা দাবি করেন। তখন ব্যবসায়ী জামাল হোসেন বৈধ মালামালে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিজিবি ৩৬ বস্তা সুপারি নিয়ে যায় এবং জামালকে হাতকড়া পরিয়ে শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে জামাল হোসেনকে ছেড়ে চলে যায় বিজিবি।

এই ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চারাগাঁও মাইজহাটি বাজার কমিটির সভাপতি ডা. আব্দুল মান্নান।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা এরশাদ মিয়া, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আমীর উদ্দিন, নির্যাতিত ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. জামাল হোসেন, আব্দুল হাসিম, ২ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুছ ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল হোসেন সেলিম, ব্যবসায়ী হাবিবুর রহমান, ব্যবসায়ী সিদ্দিক মড়ল, ব্যবসায়ী আজিজুল ইসলাম, হৃদয় মিয়া, তাহিরপুর কয়লা আমদানী গ্রুপের সদস্য মো. আনিছুর রহমান ভূইয়া, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাবু, ব্যবসায়ী আব্দুর রউফ, মোশারফ মিয়া, তাহিরপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আলাম সাদ্দাম, ব্যবসায়ী স্বপন মিয়া, আফজাল, লাল মিয়া ও মুক্তিযোদ্ধা সন্তান সুহেল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলাম প্রায়ই এলাকার ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

বক্তারা অবিলম্বে চারাগাঁও বিজিবি ক্যাম্পের দুর্নীতিবাজ নায়েক সুবেদার খাদিমুল ইসলামকে প্রত্যাহারসহ নিরীহ মানুষের কাছে চাঁদা দাবি ও নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবি জানান।

চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খাদিমুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে কোনো কথার জবাব দিতে পারব না। আমাদের সিও মহোদয়ের সাথে কথা বলতে পারেন।’

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান বলেন, ‘এ বিষয়ে পরে জানানো হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট