ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাবি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাবি শিক্ষার্থীর আত্মহত্যা

নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনহাজুল আবেদীন নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে আমাদের বিভাগের মিনহাজুল আবেদীন আত্মহত্যা করেছে। সে বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার মা আজ (বৃহস্পতিবার) সকালে ফোন দিয়ে আমাদের বিষয়টি জানিয়েছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি। আমরা শুনেছি সে আগেও কয়েকবার সুইসাইড করার চেষ্টা করেছিল।

তিনি আরো জানান, মিনহাজ বেশ কিছুদিন থেকে ফেসবুকে কয়েকবার আত্মহত্যা শব্দ উল্লেখ করে হতাশার ও বিষন্নতার বিষয়ে লিখেছে। বিষয়টি নিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করি। তার পরিবারের কাছে আমরা তাকে পাঠিয়ে দেই। এরপর থেকে তার মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, খুঁজ নিয়েছি।

বিষন্নতা ও হতাশার বিষয়ে মিনহাজের একাধিক সহপাঠী জানান, মিনহাজুল বেশ কিছুদিন থেকে হতাশায় ছিল। এতে তার মনে বিষন্নতা তৈরি হয়েছে। সে রোবোআড্ডায় সময় দিতে গিয়ে পড়ালেখায় মনোযোগ দিতে পারেনি। বিভাগের কয়েকটি কোর্স ড্রপ ছিল। তাছাড়া প্রেমঘটিত কারণেও বেশ কিছুদিন থেকে সে বিষন্নতায় রয়েছে বলে মিনহাজের সহপাঠীরা জানান।

পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। নিজের ফেসবুকে আত্মহত্যা নিয়ে একাধিক পোস্টও দেন ওই শিক্ষার্থী।

এদিকে, মৃত্যুর আগে বুধবার রাতে মিনহাজুল তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। যেখানে লেখা- ‘Famous Formula seeking public attention…Lol!’

এর পাঁচ দিন আগে মিনহাজুল ফেসবুক আইডিতে আত্মহত্যা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তাতে লিখেন- ‘কেউ কি মৃ#ত্যুর আগে স্নান করে? অন্যান্য দিনের মতন সাবধানে চুল আঁচড়ায় কেউ? কাজের ব্যাপারে মিটিং করে? প্রিয়তমাকে যত্ন করে চিঠি লিখে? আলমিরা থেকে পছন্দের পাঞ্জাবিটা বের করে পরে? আত্মহ₹ত্যা করবে জেনেও কেউ কি হাসি মুখে বাড়ি ফিরে?’

প্রসঙ্গত, মিনহাজুল আবেদীন যশোরের মনিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। মিনহাজুল বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিষয়ক সংগঠন রোবোআড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট