যুব মহিলা লীগের নতুন সভাপতি সিলেটের ডেইজি, সম্পাদক লিলি

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২

যুব মহিলা লীগের নতুন সভাপতি সিলেটের ডেইজি, সম্পাদক লিলি

যুব মহিলা লীগের নতুন সভাপতি হয়েছেন সিলেটের ডেইজী সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

এর আগে বেলা ১২টায় জাতীয় পতাকা, পায়রা ও বেলুন উড়িয়ে সংগঠনটির তৃতীয় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা ১১টায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। সম্মেলনকে ঘিরে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতা-কর্মীদের উপস্থিতির সংখ্যাও। এ সময় নেতা-কর্মীরা তাদের নেত্রীদের নামে স্লোগান দিতে দেখা গেছে। সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি নাজমা আক্তার ও সঞ্চালনা করেন ওই কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল।

জানা গেছে, ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে ২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। সে সময় ১০১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন বিদায়ী কমিটির সভাপতি নাজমা আক্তার আর যুগ্ম আহ্বায়ক ছিলেন একই কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল।

এরপর ২০০৪ সালে যুব মহিলা লীগের প্রথম সম্মেলনে সভাপতি হন নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক করা হয় অপু উকিলকে। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও ১৩ বছর পর ২০১৭ সালের ১৭ মার্চ হয় দ্বিতীয় সম্মেলন। ওই সম্মেলনে পুনারায় নাজমা আক্তার ও অপু উকিলকে সভাপতি-সাধারণ সম্পাদক করা হয়।