৪ দিন পর নয়াপল্টন কার্যালয়ে বিএনপি নেতারা

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

৪ দিন পর নয়াপল্টন কার্যালয়ে বিএনপি নেতারা


টানা চারদিন পর রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিয়েছে পুলিশ। আজ দুপুর ১টা ২০ মিনিটে কার্যালয়ের গেট খুলে দেয় পুলিশ। এরআগে বেলা ১১টার পর নয়াপল্টনের দুই পাশের রাস্তার ব্যারিকেড তুলে নেয় পুলিশ। শুরু হয় যান চলাচল।

কার্যালয় খোলার পর ভিতরে প্রবেশ করেন বিএনপির সাংগঠনিক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য সাত্তার পাটোয়ারীসহ নেতাকর্মীরা।

এদিকে দলীয় কার্যালয় খুলে দেয়ার সংবাদে সকাল থেকেই নয়াপল্টনে ভিড় জমান নেতাকর্মীরা। এর আগে গত বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাত থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নাইটিঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় পুলিশ। বৃহস্পতিবার  বিকেলে চলাচলের জন্য এ রাস্তা খুলে দেয়া হলেও শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল চলাচলের সড়ক বন্ধ করে দেয়া হয়।