২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২২
চুয়াডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে রোহান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা শহরের বেলগাছি রেলক্রসিংয়ের অদূরে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রোহান হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের সিএনজি চালক রায়হান উদ্দিনের ছেলে। সে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনযোগে বাড়ি যাচ্ছিল রোহান। ট্রেনটি বেলগাছি ও ফার্মপাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছালে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে তিনি মোবাইল ফোনে সেলফি তুলতে যান। এ সময় রেলের ট্রাফিক সিগন্যালে হাত বেঁধে পড়ে যায় সে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর জাহান রুমি জানান, রোহানের মাথা, পাসহ শরীরের বিভিন্নস্থান গুরুতর জখম হয়েছে। তার কান দিয়ে রক্তক্ষরণও হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছিল। পরবর্তীকালে তার শরীরের অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, টিকটক, সেলফি তোলার জন্য প্রায়ই ট্রেনযোগে চুয়াডাঙ্গায় যাতায়াত করত রোহান। তার বাবা সিএনজি চালক ও তার মা প্রবাসী। রোহান তার বাবার সাথেই থাকত।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, রাতে ঢাকায় নেওয়ার পথে ঝিনাইদহের হাটগোপালপুর পৌঁছালে রোহানের শরীরের অবস্থার অবনতি হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, কোনো অভিযোগ না থাকায় নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D